
জমির বিনিময়ে রেলে চাকরির মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব।
শুধু একা লালু নন, তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবীও একই মামলায় আদালতে জানিয়েছেন তিনিও নির্দোষ। দম্পতি এ-ও জানিয়েছেন, তাঁরা বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। সোমবারই এই মামলায় তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জগঠন হয়েছে। দিল্লির রাউস অ্যাভিনিউয়ের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিয়েছিলেন লালুপ্রসাদ যাদব এবং রাবড়ী দেবী। জমির বিনিময়ে রেলে চাকরির মামলায় তাঁদের বিরুদ্ধে দুর্নীতি, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। সেই সব অভিযোগ নিয়ে বিচারক লালুদের প্রশ্ন করলে তাঁরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন।লালুপ্রসাদ যাদব, রাবড়ী ছাড়াও এই মামলায় তাঁদের দুই পুত্র তেজস্বী, তেজপ্রতাপ এবং কন্যা মিসা ভারতী-সহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে। সেই ভিত্তিতে তাঁদের আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারক। ১ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে হাজিরার অনুমতি দেওয়া হয়েছিল। সেই মতো সোমবার লালু এবং রাবড়ী আদালতে গিয়েছিলেন। আদালত আগেই জানিয়েছিল, আগামী ৯ মার্চ থেকে এই মামলার বিচারপ্রক্রিয়া শুরু হবে।উল্লেখ্য,২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রে ইউপিএ সরকারের রেলমন্ত্রী ছিলেন লালু। অভিযোগ, সেই সময় চাকরি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই। পরে ইডি এফআইআর দায়ের করে এই মামলার তদন্ত শুরু করে।









