
মার্কিন টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি সিরিজ মাই ৬০০ এলবি লাইফ’র আলোচিত মুখ ডলি মার্টিনেজ আর নেই। মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।ডলির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বোন লিন্ডসে কুপার।
ফেসবুকে এক আবেগঘন বার্তায় লিন্ডসে লিখেছেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার সুন্দরী বোন আর নেই। ডলির ব্যক্তিত্ব ছিল অসাধারণ—তার হাসি, দয়া ও স্নেহময়তা যেকোনো পরিবেশকে আলোকিত করত। তার উষ্ণতা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।তিনি আরও লিখেছেন, ডলির চলে যাওয়ায় তাঁরা ভেঙে পড়েছেন। তবে সান্ত্বনা পান এই ভেবে যে, ডলি এখন স্বর্গে বাবার সঙ্গে আছে। শান্তিতে ঘুমাও—তোমাকে সবসময় ভালোবাসা হবে, কখনো ভোলা যাবে না।এর আগে হাসপাতালে ভর্তি হওয়ার পর ফ্যানদের কাছে বোনের জন্য প্রার্থনা ও সহানুভূতি কামনা করেছিলেন লিন্ডসে।
কয়েকদিনের মধ্যেই আসে এই দুঃসংবাদ। প্রসঙ্গত, টিএলসি’র জনপ্রিয় রিয়েলিটি শো,মাই ৬০০ এলবি লাইফ’র দশম সিজনে অংশ নিয়ে পরিচিতি পান ডলি মার্টিনেজ।এই শোতে ৬০০ পাউন্ডের বেশি ওজনের মানুষের ওজন কমানোর সংগ্রাম এবং সম্ভাব্য অস্ত্রোপচারের যাত্রা তুলে ধরা হয়। ২০২১ সালের পর্বে ডলির ওজন ছিল প্রায় ৫৯৩ পাউন্ড এবং তিনি সাপ্লিমেন্টাল অক্সিজেনের ওপর নির্ভরশীল ছিলেন। তাকে শোয়ের বিখ্যাত ব্যারিয়াট্রিক সার্জন ডা. নাউ’র তত্ত্বাবধানে দেখা যায়। চিকিৎসার জন্য তিনি হিউস্টনে স্থানান্তরিতও হন। তবে শেষ পর্যন্ত শোতে তিনি প্রায় ৪০ পাউন্ড ওজন কমাতে সক্ষম হলেও অস্ত্রোপচারের অনুমোদন পাননি।









