
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলন ঘিরে শনিবার তপ্ত হয়েছিল ক্যাম্পাস। শনিবারের ঘটনায় এখনও পর্যন্ত এক প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে ক্যাম্পাসে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন শিক্ষাবন্ধুর অফিসে আগুন লাগিয়ে দেয় বামসমর্থিত ছাত্র-ছাত্রীরা বলে অভিযোগ। তপ্ত পরিস্থিতির মধ্যে শনিবার রাত পর্যন্ত চলে জেনারেল বডির বৈঠক। রবিবার ও থমথমে পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্ত্বরে। শনিবারের ঘটনায় মোট পাঁচটি অভিযোগ দায়ের করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ এমন নানা অভিযোগো এফআইআর দায়ের করেছে ওয়েবকুপা। অন্যদিকে, ক্যাম্পাসে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে পড়ুয়াদের তরফেও এফআইআর দায়ের হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা, শনিবারের অশান্তিতে ছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, শনিবার ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁকে ঘিরে গোব্যাকর, স্লোগানও দেন এসএফআই, আইসা, ডিএফএফের সদস্যরা। সেই থেকেই অশান্তির সূত্রপাত।









