
সরকারি কাজ নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি। গুলি চালানোর ঘটনা সামনে আসতেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে।
বাঁকুড়ার সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনায় আহত হয়েছেন তৃণমূলের বুথ সভাপতি নাসিম শেখ। সূত্রে খবর, রাস্তার ধারে একটি পাকা নিকাশি নালা তৈরি নিয়ে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল নাসিম শেখের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা কাইমউদ্দিন হাজারির। শনিবার বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই নেতার অনুগামীরা। সেই সময়ই কাইমউদ্দিনের অনুগামী সিকান্দর শেখ নাসিম কে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। বর্তমানে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন নাসিম।
ঘটনার পর সিকান্দর শেখের বাড়িতে পৌঁছায়ে নাসিমের ছেলে এবং তার অনুগামীরা। লোহার রড দিয়ে সিকান্দরকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।









