
যুদ্ধবিরতি নিয়ে সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে আমেরিকা ও ইরানের আলোচনা। বার্তা সংস্থাকে পাকিস্তানের এক কর্মকর্তা বলেছেন, ইরান, আমেরিকা ও পাকিস্তানের মধ্যে ত্রিদেশীয় আলোচনা হচ্ছে।
তবে ইরানি আর মার্কিনিরা সরাসরি কথা বলছে কি না, সেটি এখনো স্পষ্ট নয়।যদি তারা সরাসরি কথা বলে থাকেন তাহলে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর আমেরিকা ও ইরানের মধ্যে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা হবে।এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরান ও আমেরিকা,উভয় দেশের প্রতিনিধিদলের সঙ্গেই পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি উপস্থিত ছিলেন।বৈঠকে আমেরিকার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।তার সঙ্গে রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।
অন্যদিকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ অন্য শীর্ষ কর্মকর্তারা। উল্লেখ্য,এর আগে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান- আমেরিকা,দু’ সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়।








