
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে গদ্দার কটাক্ষে কুণাল কামরাকে তৃতীয়বার সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। আগামী ৫ এপ্রিল তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
শিবসেনা বিধায়ক মুরজি প্যাটেলের অভিযোগের ভিত্তিতে খার পুলিশ কুণাল কামরার বিরুদ্ধে এফআইআর দায়ের করে। হাজিরার নির্দেশ দিয়ে দুটি নোটিসও পাঠানো হয় তাঁকে। নোটিসের জবাবে, মুম্বইয়ের বাইরে রয়েছেন বলে জানান কৌতুকশিল্পী। গত সোমবার মুম্বইয়ের মহিম এলাকায় কুণালের বাড়িতে হানা দেয় খার থানার পুলিশ। অবশ্য, সেই সময় বাড়িতে ছিলেন না তিনি। অন্যদিকে এই মামলায় মাদ্রাজ হাইকোট তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে।
বিচারপতি সুন্দর মোহন এই মামলায় খার থানার পুলিশকে নোটিস পাঠিয়েছেন। আগামী ৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। এই আবহে ফের তাঁকে তলব করেছে মুম্বই পুলিশ।









