
প্রয়াত হয়েছেন বিখ্যাত সাংবাদিক প্রীতিশ নন্দী। ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। প্রিয় বন্ধুর মৃত্যুসংবাদ প্রকাশ করেছেন অভিনেতা অনুপম খের। প্রীতিশের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিশিষ্ট মনোবিদ সুহেল শেঠও।
জানা গিয়েছে, মুম্বইয়ে নিজের বাসভবনেই প্রয়াত হয়েছেন বিখ্যাত সাংবাদিক তথা লেখক প্রীতিশ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।১৯৫১ সালের ১৫ জানুয়ারি ভাগলপুরে প্রীতিশ নন্দীর জন্ম। তবে পড়াশোনার সূত্রে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন কলকাতাতে। প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন তিনি। পেশায় সাংবাদিক হলেও আরও নানা ক্ষেত্রে বিখ্যাত ছিলেন প্রীতীশ। লেখক, চিত্রকর, রাজনীতিবিদ, চলচ্চিত্র নির্মাতা-সমস্ত ভূমিকাতেই তাঁকে দেখা গিয়েছে। পশু অধিকার রক্ষা করতে স্বেচ্ছাসেবী সংস্থাও গড়ে তোলেন তিনি। বিভিন্ন ইংরেজি ও বাংলা পত্রপত্রিকায় কাজ করেছেন। সাংবাদিক হিসাবে কেরিয়ারের মধ্যেই একাধিক বই লিখেছেন তিনি। ইংরাজি কবিতার অন্তত ৪০টি বই প্রকাশ করেছেন। বাংলা, উর্দু, পাঞ্জাবি কবিতা অনুবাদ করেছেন ইংরাজিতে।
সাহিত্যের অসামান্য অবদানের জন্য ১৯৭৭ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ১৯৯৮ সালে শিবসেনার টিকিটে রাজ্যসভার সাংসদ হন প্রীতিশ। নির্মাতা হিসাবে ২৪টি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। দূরদর্শনে ৫০০টিরও বেশি অনুষ্ঠান পরিচালনা করেছিলেন তিনি।






