
জোর করে নাবালিকা মেয়েকে বিয়ে দিয়েছিল পরিবারের লোকজন। ১০ দিন পরেই মালদার হরিশচন্দ্রপুরে একটি আমবাগান থেকে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে বছর ১৫ বছর নাবালিকা মেয়েকে বিশেষভাবে সক্ষম একটি ছেলের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
স্কুল পড়ুয়া ওই নাবালিকা বারবার প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি বলে দাবি প্রতিবেশীদের। এরইমধ্যে বিয়ের ১০ দিনের মাথায় বাড়ির কাছে আমবাগান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে কিশোরীর। এটি খুন, না হতাশা থেকে আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে অন্তঃসত্ত্বা বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের নবগ্রামে।
জানা গিয়েছে বীরভূমের নলহাটির বাসিন্দা বছর ২৫-র মালতি মণ্ডলের সঙ্গে সুজিত মণ্ডলের আড়াই বছর আগে বিয়ে হয়। পরিবারের অভিযোগ শ্বশুরবাড়িতে নিয়মিত নির্যাতন করা হত মালতিকে। তার জেরেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।









