
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের জন্মদিন মানেই ফ্যানদের উন্মাদনা। এবারও তার ব্যতিক্রম হয়নি।
পুষ্পা খ্যাত তারকার জন্মদিন ঘিরে হায়দরাবাদজুড়ে ছিল উৎসবের আমেজ। তবে সেই উচ্ছ্বাসই একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উল্লেখ্য ৪৪ বছরে পা রাখলেন আল্লু অর্জুন।জন্মদিনের আগের রাত থেকেই তার হায়দরাবাদের জুবিলি হিলসের বাসভবনের সামনে ভিড় জমাতে শুরু করেন হাজার হাজার ফ্যান ফলোয়ার। কারো হাতে পোস্টার, কারো হাতে ফেস্টুন,অনেকে আবার প্রিয় তারকার ছবির চরিত্রে সেজে অপেক্ষা করছিলেন এক ঝলক দেখার জন্য। কিন্তু অতিরিক্ত ভিড় ও আতশবাজির কারণে দ্রুত বিশৃঙ্খলা সৃষ্টি হয়।একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভিড় সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। এতে কিছুটা আতঙ্ক ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।তবে এই বিশৃঙ্খলার মধ্যেই ফ্যানদের জন্য চমক দিয়েছেন আল্লু অর্জুন। জন্মদিনেই প্রকাশ্যে এসেছে তাঁর নতুন বড় বাজেটের ছবির ফার্স্ট লুক।জওয়ান খ্যাত অ্যাটলি কুমারের পরিচালনায় তৈরি এই কল্পবিজ্ঞানধর্মী ছবির নাম,রাকা। প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাডুকোন।প্রকাশিত ফার্স্ট লুকে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন আল্লু। ন্যাড়া মাথা, তীক্ষ্ণ নখ, লোমশ দেহ,প্রায় পশুসদৃশ এক চরিত্রে দেখা দিয়েছেন তিনি।এই নতুন লুক ইতিমধ্যেই ফ্যানদের মধ্যে তুমুল কৌতূহল তৈরি করেছে।
জানা গেছে,পুনর্জন্মের কাহিনিকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে অতীত ও বর্তমান দুটি সময়কালই দেখানো হবে।গত দু’ বছর ধরে এই বৃহৎ প্রকল্পের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পরিচালক অ্যাটলি।






