
রিলিজের পর থেকেই প্রোপাগান্ডা তকমায় প্রতিনিয়ত কটাক্ষ, সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজিকে। বিগ বাজেট নির্বাচনী বিজ্ঞাপন বলে বিতর্কের আগুনটা বর্তমানে দাবানল আকার ধারণ করায় সিনেদুনিয়ার পাশাপাশি রাজনৈতিক মহলের অন্দর থেকেও রণবীর সিংয়ের ব্লকবাস্টার ছবির উদ্দেশে কটাক্ষ উড়ে এসেছে।
বলা হচ্ছে, ধুরন্ধর আদ্যোন্ত প্রচারঝলক। এমন আবহেই আরএসএস-এর দপ্তরে মোহন ভাগবতের সঙ্গে দেখা করে চর্চায় রণবীর সিং।বক্স অফিসে ধুরন্ধর ২ ঝড়ের মাঝেই সম্প্রতি অনন্ত আম্বানির জন্মদিনের জন্য জামনগরে পাড়ি দিয়েছিলেন রণবীর। সেখান থেকে ফেরার পথেই নাগপুরে আরএসএস-এর সদর দপ্তরে ঢুঁ মারেন অভিনেতা। খবর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের স্মৃতিসৌধ পরিদর্শন করার পাশাপাশি মোহন ভাগবত-সহ দলের শীর্ষস্থানীয় সদস্যের সঙ্গেও দেখা করেছেন রণবীর। খবর, বিকেলে মুম্বই থেকে চার্টার্ড বিমানে করে নাগপুরে পৌঁছন অভিনেতা। এরপর বিমানবন্দর থেকে সোজা রেশিমবাগে অবস্থিত হেডগেওয়ার স্মৃতি মন্দির চত্বরের উদ্দেশে রওনা হন।সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর বেশ কিছুক্ষণ সময় কাটান।এরপরই দপ্তরে মোহন ভাগবতের সঙ্গে বৈঠক করেন রণবীর সিং। যদিও প্রবীণ রাজনীতিকের সঙ্গে বলিউড অভিনেতার কোন প্রসঙ্গে আলোচনা হয়েছে,তা নিয়ে দলের তরফে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি।
তবে খবর, আরএসএস-এর দপ্তরে সময় কাটানোর পর বিমানে করে রাত ৮টা নাগাদ মুম্বইয়ে ফিরে আসেন রণবীর।এদিকে ধুরন্ধর-এর বিরুদ্ধে প্রোপাগান্ডা অভিযোগের মাঝেই নাগপুরে আরএসএস-এর দপ্তরে রণবীরের উপস্থিতি ইতিমধ্যেই সিনেমহলে কৌতূহলের জন্ম দিয়েছে।







