
আরো একবার আইনি জটিলতা থেকে সাময়িক স্বস্তি পেলেন বলিউড তারকা সালমান খান। পানমশলা বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে যে জামিনযোগ্য পরোয়ানা জারি হয়েছিল, তা আপাতত স্থগিত করেছে রাজস্থান উচ্চ আদালত।
ফলে জয়পুর জেলা ভোক্তা কমিশন-২ এ হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থেকেও রেহাই পেয়েছেন ভাইজান।জানা গেছে, একাধিক শুনানিতে অনুপস্থিত থাকার কারণে জয়পুর জেলা ভোক্তা কমিশন-২ আগে তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।এই মামলার সূত্রপাত হয় যোগেন্দ্র সিং বাদিয়ালের করা একটি অভিযোগ থেকে। তার দাবি, সংশ্লিষ্ট পানমশলার বিজ্ঞাপনে পণ্যকে জাফরান বা তবক মিশ্রিত এলাচ ও জাফরান মিশ্রিত পানমশলা বলে প্রচার করা হলেও বাস্তবে তা সঠিক নয়। এতে ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন এবং পণ্যটিকে নিরাপদ বলে ভুল ধারণা পাচ্ছেন।এই অভিযোগের ভিত্তিতে বছরের শুরুতেই ভোক্তা কমিশন ওই পণ্যের প্রচারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে।কিন্তু পরে জয়পুর ও কোটার মতো শহরে আবার সেই বিজ্ঞাপন দেখা গেলে কমিশন মনে করে, তাদের নির্দেশ অমান্য করা হয়েছে।
এর পরই বিষয়টি আরো জটিল হয়ে ওঠে।পরবর্তী সময় অভিযুক্ত সংস্থা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে। তাদের আইনজীবীদের দাবি, অভিযোগকারী নিজে পণ্যের ভোক্তা নন এবং এ ধরনের বিষয় আসলে কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের আওতায় পড়ে।









