
লোকসভায় পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। এই বিলের মাধ্যমে সংবিধানের উপর আক্রমণ করা হয়েছে বলে মনে করছেন তিনি।
এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ ডিএমকে প্রধানের। স্ট্যালিন জানিয়েছেন, এই বিলকে চ্যালেঞ্জ করে তাঁর দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। এর আগে লোকসভায় দীর্ঘ সময় ধরে আলোচনা হয় ওয়াকফ বিল নিয়ে। গভীর রাতে সংসদের নিম্নকক্ষে পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। বৃহস্পতিবার বিলটি রাজ্যসভায় পেশ হয়েছে। এই বিলের বিরোধিতায় আগেই তামিলনাড়ুর বিধানসভায় একটি প্রস্তাব পাশ করে ডিএমকের নেতৃত্বাধীন সরকার। বিলটি প্রত্যাহারের জন্য ওই প্রস্তাবে কেন্দ্রের কাছে আর্জি জানানো হয়েছিল। লোকসভাতেও বিরোধী সাংসদেরা বিলটির বিরোধিতায় সরব হন। শেষে ভোটাভুটির মাধ্যমে লোকসভায় বিলটি পাশ হয়েছে। এই অবস্থায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বক্তব্য, বিলটি লোকসভায় পাশ হলেও বিরোধিতার সংখ্যাও কম ছিল না।
বিরোধী সাংসদদের বিলের বিপক্ষে এই মতামতকে হাতিয়ার করেই এ বার আদালতের দ্বারস্থ হতে চাইছেন ডিএমকে প্রধান। স্ট্যালিন বলেছেন, গুটিকয়েক জোটসঙ্গীর সাহায্যে এই ভাবে বিলটি পাশ করিয়ে ভারতের সংবিধানের উপর আক্রমণ করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হয়েছে।






