
উন্নয়ন দেখে বিজেপি ভয় পাচ্ছে। তাই বারংবার টার্গেটের শিকার হচ্ছে পশ্চিমবঙ্গ। একুশের সমাবেশের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, বাংলা ভাষার উপর কেন এই সন্ত্রাস? এই বাংলা তো স্বাধীনতার জন্য লড়েছে, নবজাগরণের জন্মস্থান এই মাটি। পশ্চিমবঙ্গের মানুষকে যদি বাংলা বলার অপরাধে বাইরে গ্রেফতার করা হয়, তবে লড়াই হবে দিল্লিতে গিয়েও। আবারও একবার সিঙ্গুর-নন্দীগ্রামের কথা মনে করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও মন্তব্য, তিনি ছাড়ার লোক নন। দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে। পশ্চিমবঙ্গের মাটি দুর্বৃত্তদের হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দলের সম্পদ হলেন দলীয় কর্মীরা, নেতারা নয়। বিরোধী পক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তৃণমূলের বিরুদ্ধে যত কুৎসা, অপ্রচার হবে, তৃণমূল আরও শক্তিশালী হবে।
কর্মীদের স্মরণ করালেন, তৃণমূলের জন্মের সময় বলেছিলেন গরুতে খেয়ে নেবে, একটা চারা যখন ছোট থাকে, যাতে ছাগল-গরুতে না খায়, পাহারা দিতে হয়, আর সেই গাছ যখন বটবৃক্ষ হয়ে ওঠে , তখন সেই অন্যকে ছায়া দেয়।








