
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবার সরব হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সোশাল মিডিয়ায় দেওয়া বিবৃতিতে প্রসেনজিৎ লিখেছেন , মূল্যবান প্রাণের এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখের। মৃতার পরিবার ও বন্ধুরা, যাঁদের এই অপূরণীয় ক্ষতি হল তাঁদের জন্য সমবেদনা ও প্রার্থনা রইল। এখন কোনও কথাই তাঁদের এই বেদনকে লাঘব করতে পারবে না। এর পরই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, তিনি ভীষণভাবে এর বিচার চান। সত্যিটা যাতে সকলের সামনে আসে এবং আর দোষীদের শাস্তি হয় সেটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আসুন নির্যাতিতার বিচারের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।তীব্র প্রতিবাদে সরব হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়।বুধবার রাতে,রাত দখল অভিযানে যোগ দিতে যাবেন সোহিনী সেনগুপ্ত, ইমন চক্রবর্তী। এদিকে নির্যাতিতার নাম কেন লুকানো হবে? সেই প্রশ্ন তুলেছেন শ্রীলেখা মিত্র।আর জি করের ঘটনা নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন,নির্ভয়ার দৃষ্টান্ত কি এভাবেই চলতে থাকবে? তার যে এত বড় একটা সাংঘাতিক আন্দোলন হল। তার পর আমাদের রাজ্যেই এটা হল? তাহলে কি হাসপাতাল, কোনও স্কুল, কলেজ, কোথাও কোনও নিরাপত্তা নেই? ঋতুপর্ণা সেনগুপ্তর এটাই প্রশ্ন যে এই রকম ঘটনা দিনের পর দিন ঘটতে থাকবে, কিছুদিন এটা নিয়ে কথা হবে, আবার আরেকটা ঘটনা হবে, এভাবেই কি চলতে থাকবে আমাদের সমাজ? কোন অন্ধকারে আমরা মিশে যাচ্ছি? শরীর খারাপ লাগে এটা ভাবতে ভাবতে যে আমরা এই জায়গায় এই পরিবেশে বাস করছি। প্রত্যেক মুহূর্তে কী ভয়ে ভয়ে বাঁচব? এর আগে আর জি করে দাঁড়িয়ে এই ঘটনার বিচার দাবি জানিয়ে অপর্ণা সেন বলেছেন,কলকাতার নাগরিক হিসেবে লজ্জিত। কলকাতাবাসী হিসেবে তিনি লজ্জিত। তারকার দাবি, রাজ্য সরকার যত দ্রুত সম্ভব যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নিক যাতে মহিলারা সুরক্ষিতভাবে কাজ করতে পারেন।









