শাসন করায় শিক্ষককে পিস্তল নিয়ে তাড়া ক্লাস টেনের ছাত্রের। তৃণমূল নেতার ছেলের কীর্তিতে শোরগোল পড়েছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। জানা গিয়েছে গোপীবল্লভপুরের চোরচিতা চোরেশ্বর হাইস্কুলে সোমবার ইতিহাস ক্লাসে দুষ্টুমি করায় চড় মারেন শিক্ষক পরিমল অট্ট। অভিযোগ এরপর ইতিহাস শিক্ষক পরিমল অট্ট-র নামে প্রধান শিক্ষকের কাছে নালিশ জানাতে যায় অভিযুক্ত নীলাঞ্জন দোলুই। স্থানীয় তৃণমূল নেতা কেষ্ট দোলুইয়ের ছেলে। কিন্তু প্রধান শিক্ষক পাত্তা না দেওয়ায় বাড়ি গিয়ে ব্যাগে করে একটি নাইন এমএম পিস্তল, ছুরি নিয়ে আসে নীলাঞ্জন। অভিযোগ এরপরেই শিক্ষককে পিস্তল উঁচিয়ে তাড়া করে ওই ছাত্র। সহপাঠীরা তাকে ধরে ফেলায় সেখান থেকে পালিয়ে বাঁচেন শিক্ষক। অভিযোগ এরপর শিক্ষকের বাড়িতে চড়াও হয় ওই কিশোর। ওই সময় শিক্ষকের স্ত্রী এবং তাদের ৩ বছরের সন্তান ছিল। দেখতে পেয়ে সিভিক ভলান্টিয়াররা তাঁকে ধরে ফেলে। এরপর খবর দেওয়া হয় বেলিয়াবেড়া থানায়। পুলিশ গিয়ে কিশোরকে আটক করে। পিস্তলটি নীলাঞ্জনের বাবা কেষ্ট দোলুইয়ের বলে জানা গিয়েছে। তবে পিস্তলের কোনও লাইসেন্স নেই। বেআইনিভাবে বাড়িতে পিস্তল রেখেছিলেন কেষ্ট। ঘটনার পর থেকেই এলাকাছাড়া তিনি। অন্যদিকে নীলাঞ্জনকে ঝাড়গ্রাম জুভেনাইল আদালতে তোলা হলে বিচারক হোমে পাঠিয়েছে।
গ্রাম থেকে শহর
News & Much More









