
ছাবা’র শুটিং শুরুর আগে থেকেই ম্যারাথন দৌড়ে ভিকি কৌশল। কখনও ২৫ কিলো ওজন বাড়িয়েছেন। একমুখ দাঁড়ি রাখতে হয়েছে সম্ভাজির চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য।
আবার দীর্ঘ কয়েক মাস শুট চলাকালীনও কম কসরত করেননি ভিকি কৌশল।একবার তো গোটা রাত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে হাত অবশ হয়ে মারাত্মক চোট পান অভিনেতা।এমন পরিস্থিতি হয় যে একমাস শুটিং থেকে বিরতি পর্যন্ত নিতে হয়েছিল। আর এবার রিলিজের প্রাক্কালেও আদা-জল খেয়ে প্রচারের ময়দানে ভিকি কৌশল। দেশের বিভিন্ন প্রান্তের মেট্রো সিটিতে জমিয়ে প্রচারের পর সিদ্ধি বিনায়কে পুজো দিয়েছিলেন ভিকি। আর লক্ষ্মীবারে ছুটে গিয়েছিলেন প্রয়াগরাজে। ছাবা সিনেমার প্রযোজক দীনেশ বিজনের সঙ্গে মহাকুম্ভে পৌঁছান ভিকি কৌশল। পরনে কালো শার্ট। চোখে রোদচশমা। ফেরিঘাটের আগে প্রযোজকের সঙ্গে নৌকাবিহারে দেখা গিয়েছে অভিনেতাকে। সেখানে দাঁড়িয়েই করজোরে ভিকি জানান, দারুণ অনুভূতি। কত দিন ধরে মহাকুম্ভে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছেন। শেষমেশ প্রয়াগরাজে পৌঁছলেন। নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। লক্ষ্মীবারেই ত্রিবেণী সঙ্গমে প্রযোজক দীনেশের সঙ্গে আস্থার ডুব দিয়েছেন ভিকি কৌশল। দিন কয়েক আগেই অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে নিয়ে পাঞ্জাবের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন অভিনেতা। ছবিতে দক্ষিণী সুন্দরী রশ্মিকাকে দেখা যাবে ছত্রপতি সম্ভাজির স্ত্রী যেশুবাঈয়ের ভূমিকায়।
সিদ্ধি বিনায়কেও পুজো দিয়েছেন জুটিতে। আর বিগ ফ্রাইডে রিলিজের আগে পুণ্যস্নান করেই মুম্বই ফিরেছেন ভিকি কৌশল।









