
সংঘর্ষ বিরতির পরও আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় তিন ক্রিকেটার সহ ৮ জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে তিন ক্রিকেটারকে শনাক্ত করা হয়েছে, তাঁদের নাম কবির, সিবঘাতুল্লাহ ও হারুন। তিনজনই স্থানীয় ক্রিকেটার।
জানা গিয়েছে, তাঁরা একটি প্রীতি ম্যাচ খেলে পক্তিতা প্রদেশের উর্গুন থেকে শারানা অঞ্চলে ফিরছিলেন। সেই সময় পাক বিমান হানায় তিনজনের মৃত্যু ঘটে। পাকিস্তানের এই আক্রমণের প্রতিবাদে ফুঁসে উঠেছেন আফগান ক্রিকেটার রশিদ খান। সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সেই সঙ্গে আগামী মাসে পাকিস্তানে আয়োজিত ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে নামও প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। যে টুর্নামেন্টে পাকিস্তান, আফগানিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কারও খেলার কথা ছিল। এসিবি-র তরফ থেকে পাকিস্তানের এই আক্রমণকে কাপুরুষোচিত বলা হয়েছে। সেই সঙ্গে জল্পনা সত্যি করে আগামী মাসে পাকিস্তানে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ থেকে নামও প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।
রশিদ খান সোশাল মিডিয়ায় লিখেছেন, পাকিস্তানের বিমান হানায় আফগানিস্তানের সাধারণ মানুষের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। এই আক্রমণ মহিলা-শিশুর পাশাপাশি তরুণ ক্রিকেটারদের জীবন কেড়ে নিয়েছে। যারা দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখত। নিরপরাধ, সাধারণ মানুষকে হত্যা করা অমানবিক ও বর্বরোচিত ঘটনা। মানবাধিকার লঙ্ঘনের এই ঘৃণ্য অপরাধ ভোলা যাবে না।









