
দিল্লিতে লালকেল্লার সামনে হরিয়ানার নম্বর প্লেট থাকা একটি হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। তদন্তকারীদের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ওই গাড়িতে বিস্ফোরক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার সকাল সাড়ে ৭টায় দিল্লি লাগোয়া হরিয়ানার ফরিদাবাদের এশিয়ান হাসপাতালের সামনে দেখা গিয়েছিল গাড়িটিকে। সকাল ৮টা ১৩ মিনিটে বদরপুর টোল বুথ পেরিয়ে দিল্লিতে ঢোকে গাড়িটি। একটি পেট্রল পাম্পে থাকা সিসি ক্যামেরায় গাড়িটিকে সকাল ৮টা ২০ মিনিটে দিল্লির ওখলা এলাকায় মোদী মিলের সামনে দেখা গিয়েছে। দিল্লি পুলিশের সূত্র মারফত জানা গিয়েছে, দুপুর ৩টে ১৯ মিনিটে লালকেল্লা সংলগ্ন পার্কিং লটে ঢোকে গাড়িটি। সেখান থেকে বেরোয় সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে। ৬টা ৫২ মিনিটে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সূত্র মারফত এ-ও জানা গিয়েছে যে, গাড়িটি যখন পার্কিং লট থেকে বেরোয় তখন রাস্তায় যানজট ছিল। সিসি ক্যামেরার ফুটেজেও দেখা গিয়েছে, গাড়িটি ধীর গতিতে এগোচ্ছে। গাড়িটির গতিবিধির উপর নজর রাখতে দিল্লি পুলিশের আধিকারিকদের দু’টি দলে বিভক্ত করা হয়। একটি দলের দায়িত্ব ছিল গাড়িটি দিল্লি ঢোকার আগে কখন, কোথায় যাচ্ছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তা জানা। অপর দলটির দায়িত্ব ছিল, দিল্লিতে ঢোকার পর গাড়িটি কোথায় কোথায় গিয়েছে, তা দেখা। বিস্ফোরণের পর থেকে রাতভর দিল্লির পাহাড়গঞ্জ, দরিয়াগঞ্জ এবং আশপাশের এলাকার হোটেলগুলিতে তল্লাশি চলেছে।
খতিয়ে দেখা হয়েছে বিভিন্ন হোটেলের রেজিস্টার খাতা। দিল্লি পুলিশের সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানাচ্ছে, ওই অভিযানের সময়েই চার সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ওই সূত্র। আপাতত তিনদিনের জন্য বন্ধ রাখা হয়েছে লালকেল্লাও।







