
কৃষি জমির পাশে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত মালিয়াকুর এলাকায়।
এই নারকীয় হত্যাকাণ্ডের বীভৎসতা দেখে স্বয়ং তাজ্জব বনে গিয়েছে পুলিশ। মুণ্ডহীন দেহ উদ্ধারের খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। দত্তপুকুর থানা পুলিশের দাবি, বাজিৎপুরের বেগুন চাষের জমিতে সোমবার সকালে প্রথম দেহ দেখতে পান স্থানীয় কয়েকজন। তারাই পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে খবর, বছর চল্লিশের এক অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধনগ্ন অবস্থায় মুণ্ডহীন দেহ উদ্ধার করা হয়েছে।
দেহটি পোড়ানোর চেষ্টাও করা হয়েছিল বলে দাবি পুলিশের। ঘটনাস্থল থেকে গ্লাস এবং চিপসের প্যাকেট, আধখানা রক্তমাখা গ্লাস উদ্ধার করা হয়েছে। মদের আসরে বচসা কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।









