
অপারেশ সিঁদুর-র পর ভোকাল ফর লোকাল নতুন উৎসাহ পেয়েছে। ভারতীয়দের তুরস্ক বয়কটের মাঝে মন কি বাত অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর চলাকালীন যখন বিশ্বের বেশিরভাগ দেশ ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল, তখন তুরস্ক সমর্থন করেছিল পাকিস্তানকে। এর জেরেই এবার সে দেশে ভ্রমণ বাতিল করছেন বহু ভারতীয় পর্যটক।
এই আবহে মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-তে প্রধানমন্ত্রীর দেশীয় উৎপাদনকে নতুন করে উৎসাহ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সিঁদুর অভিযানের পর দেশজুড়ে ভোকাল ফর লোকাল-র প্রতি উৎসাহের এক নতুন ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। দেশপ্রেমের অনুভূতি নতুন করে জেগে উঠেছে।কিছু ঘটনা সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। কয়েকটি পরিবার প্রতিশ্রুতি দিয়েছে তাঁরা তাদের পরবর্তী ছুটি দেশেরই একটি সুন্দর জায়গায় কাটাবে। অনেক তরুণ-তরুণী ভারতে বিয়ে করার সংকল্প নিয়েছে। তারা দেশেই বিয়ে করবে। দেশজুড়ে এক নতুন উদ্যমের কথা উল্লেখ করে মোদী বলেছেন, এই অভিযান কেবল দেশপ্রেমকেই অনুপ্রাণিত করেনি বরং আত্মনির্ভরতার চেতনাকেও শক্তিশালী করেছে।
প্রধানমন্ত্রী বলেন, এই অভিযানের পর সারা দেশে দেশপ্রেম ও তিরঙ্গার প্রতি আবেগ আরও জোরদার হয়েছে। দেশের শহর, গ্রাম ও মফস্বলে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়েছে, যেখানে সাধারণ মানুষ সশস্ত্র বাহিনীর সম্মানে পতাকা হাতে রাস্তায় নেমেছেন।









