
লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে কর্মসূচি পালন করেছেন একদল প্রবাসী বাংলাদেশি। অন্যদিকে, প্রধান উপদেষ্টার ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ দেখিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের আরেকটি দল।
চারদিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান। সেখানে তাঁকে স্বাগত জানিয়েছে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশে হাইকমিশনার আবিদা ইসলাম। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে জড়ো হয়েছিলেন অনেকে।
অপরদিকে ওই হোটেলের সামনে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন প্রবাসী আওয়ামি লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। তাঁর লন্ডন সফরের পুরো সময়ই বিক্ষোভ ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।









