
আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রমাণ হতে পারে না। বিহারের রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনকে এই নিয়ে নির্দেশ দেওয়ার জন্য যে দাবি তুলেছিল, তা খারিজ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আইন অনুসারে আধারের মর্যাদা নির্ধারিত হয়েছে। সেই মর্যাদা বৃদ্ধি করা সম্ভব নয়।
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ভোটার তালিকা এসআইআর সংক্রান্ত মামলায় এর আগে জানিয়েছিল, ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ডও পরিচয়পত্র হিসাবে গণ্য করা হতে পারে। সোমবারের শুনানিতে তা আরও স্পষ্ট করে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যাচাইয়ের জন্য অনেক নথির মধ্যে আধারও একটি নথি হতে পারে। বিহারে খসড়া ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ লোকের নাম বাদ যাওয়া নিয়ে মামলা শুনছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্ট এর আগে জানিয়েছিল, ১ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটারেরা। তালিকায় নাম বাদ পড়া নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা বৃদ্ধি করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল বিহারের বিরোধী দলগুলি। সোমবার সুপ্রিম কোর্টে সেই আবেদন শোনে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।









