
প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী ও আরএসএস কর্মীদের বিরুদ্ধে আপত্তিকর কার্টুন শেয়ার করায় সুপ্রিম কোর্টে আগাম জামিন পেয়েছেন শিল্পী হেমন্ত মালব্য। তবে হেমন্ত তাঁর ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষমা চেয়েছেন একথা উল্লেখ করে, বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এন ভি আল্লারিয়ার বেঞ্চ পুলিশকে তদন্তে সহযোগিতা না করলে ওই কার্টুনিস্টের জামিন বাতিলের আবেদন করার স্বাধীনতা দিয়েছে।
শুনানির সময় হেমন্তর আইনজীবী বৃন্দা গ্রোভার আদালতকে জানিয়েছেন তাঁর মক্কেল ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। এবং তাঁকে সমন পাঠানোও হয়নি। এর জবাবে অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ বলেছেন, সমস্ত প্রমাণ একত্রিত করার পরই সমন পাঠানো হবে।
হেমন্ত মালব্য নামের ওই কার্টুনিস্ট সোশাল মিডিয়ায় নিয়মিত একের পর এক কার্টুন শেয়ার করেন। অধিকাংশই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর বিভিন্ন নীতিকে নিশানা করে। সদ্য ভারত-পাক সংঘাতের আবহেও একাধিক বিতর্কিত কার্টুন পোস্ট করেছেন তিনি।








