
চোখে অষ্টমবার অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে তাঁর রক্ত-জমাট চোখের ছবি পোস্ট করে জানিয়েছেন, এই নিয়ে অষ্টম বার অস্ত্রোপচার হয়েছে।
তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, চলতি মাসে আমেরিকায় প্রায় সাত ঘণ্টা ধরে অপারেশন হয়েছিল তাঁর চোখে। অভিষেক লিখেছেন, তাঁর চোখের সাম্প্রতিক অস্ত্রোপচারের পর সদয় শুভকামনার জন্য তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চান। ২০১৬ সালে সড়ক দুর্ঘটনার পর থেকে দৃষ্টিশক্তি নিয়ে ধারাবাহিক ভাবে সমস্যার মুখোমুখি হয়েছেন। এই নিয়ে অষ্টম অস্ত্রোপচার হল। এ বার ভাল ভাবেই হয়েছে সব কিছু। সে কথা জানাতে পেরে তিনি খুশি। দ্রুত আরোগ্য এবং দৃষ্টিশক্তি সম্পূর্ণ পুনরুদ্ধার নিশ্চিত করতে কিছু পোস্ট-অপারেটিভ নির্দেশিকা এবং সতর্কতা অনুসরণ করতে হবে।
২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার সময় সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিল।







