
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল পরিমাণ জয় হাসিল করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। চারটির মধ্যে তিনটিতে জয় পেয়েছে এবিভিপি।
এর মধ্যে সভাপতির পদটি কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিদ্যার্থী পরিষদ। কংগ্রেস জিতেছে একটিতে। সভাপতি পদে এবিভিপির প্রার্থী আরিয়ান মান তাঁর উল্টোদিকের কংগ্রেস। ছাত্র সংগঠনের প্রার্থী জোসলিন নন্দিতা চৌধুরিকে বিশাল ভোটে হারিয়েছেন। শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটের গণনা শুরু হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কলেজ গুলিতে ভোট হয়েছে। এ কারণে বিশ্ববিদ্যালয় চত্বরে বৃহস্পতিবার থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল। সভাপতির পদে আরিয়ান জিতলেও সহ-সভাপতি পদে জিতছেন এনএসইউআইয়ের রাহুল কাঁসলা। এবিভিপির পক্ষে আরিয়ান মান এ পর্যন্ত পেয়েছেন ২১ হাজার ৮৫৪ ভোট।
সহ-সভাপতি পদে গোবিন্দ তানওয়ার পেয়েছেন ১৬ হাজার ১৩, সম্পাদক কুণাল চৌধুরির পকেটে ১৮ হাজার ৫০৬ ভোট ও যুগ্ম সম্পাদক পদে দীপিকা ঝা পেয়েছেন ১৬ হাজার ৫০১ ভোট। লড়াই হয়েছে মূলত গেরুয়া ও হাত শিবিরের মধ্যে। বাম প্রার্থীরা একেবারেই কম ভোট পেয়েছেন।









