
আমেরিকা, ইসরায়েলের কাছে ৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের যুদ্ধাস্ত্র, বুলডোজার এবং সরঞ্জাম বিক্রির অনুমোদনের ঘোষণা করেছে। বলা হচ্ছে,ইসরায়েল ঘনবসতিপূর্ণ গাজায় আমেরিকার তৈরি অস্ত্র ব্যবহার করে ধ্বংসাত্মক প্রভাব ফেলেছিল।মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ,ডিএসসিএ জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২.০৪ বিলিয়ন ডলারের বোমা বডি এবং ওয়ারহেড, ৬৭৫.৭ মিলিয়ন ডলারের অন্যান্য বোমা বডি এবং নির্দেশিকা কিট ও ২৯৫ মিলিয়ন ডলারের বুলডোজারসহ সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির চুক্তিতে স্বাক্ষর করেছেন।
ডিএসসিএ বলেছে, রুবিও আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে ইসরায়েল সরকারের কাছে উপরোক্ত প্রতিরক্ষাসামগ্রী এবং প্রতিরক্ষা পরিষেবা অবিলম্বে বিক্রি করা জরুরি বলে জানিয়েছেন। এর ফলে কংগ্রেস কর্তৃক অনুমোদিত এ ধরনের বিক্রয়ের স্বাভাবিক প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি পাওয়া যায় বলে ডিএসসিএ জানিয়েছে। ডিএসসিএ আরো বলেছে,আমেরিকা,ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, এই মাসের শুরুতে ওয়াশিংটন ইসরায়েলের কাছে ৭.৪ বিলিয়ন ডলারেরও বেশি বোমা, ক্ষেপণাস্ত্র এবং সম্পর্কিত সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়ার পর শেষ অস্ত্র লেনদেন শুরু হয়েছে।









