
বিজেপি সরকারের ভাবমূর্তি নষ্টে কৃত্রিমভাবে আলুর সংকট তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ওড়িশার খাদ্য সরবরাহ মন্ত্রী কেসি পাত্র।
বর্তমানে ওড়িশার বাজারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। সেখানে নভেম্বরে ওড়িশার বাজারে কেজি প্রতি আলুর দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলু রফতানি বন্ধ করে পশ্চিমবঙ্গ। এরপরই এক সপ্তাহের মধ্যে ওড়িশার বাজারে হু হু করে বেড়েছে আলুর দাম। আর এই দুর্মূল্যের জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করেছে বিজেপি নেতৃত্বাধীন ওড়িশার সরকার। ওড়িশার খাদ্য সরবরাহ মন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গ আগাম না জানিয়ে আলু রফতানি বন্ধ করে দেওয়ায় সমস্যা তৈরি হয়েছিল। তিনি বুঝতে পারছেন না কেন পশ্চিমবঙ্গ এটা করছে। এটা স্পষ্ট যে বাজারে সরবরাহ কম থাকলে দাম বাড়বে।
এমনটা জানলে তাঁরা আগামীদিনে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব থেকেই আলু সংগ্রহ করবেন। ওড়িশার বাজারে পর্যাপ্ত আলু মজুত রয়েছে এবং খুব শীঘ্রই যাতে দাম কমে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।









