
বুধবারই হিসাব হবে দেশে কে সরকার গড়বে, কে সরকার ভাঙবে। সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা পার করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ।
তবে ইন্ডিয়া জোটও খুব একটা পিছিয়ে নেই।তারা যদি চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারকে জোটে টানতে পারে, তবে তারাও সরকার গড়তে পারে অন্যান্য় দলগুলির সমর্থন নিয়ে। এই পরিস্থিতিতেই দেশের নজর জোড়া বৈঠকে।এদিন বিকেল চারটেয় বৈঠকে বসতে চলেছে এনডিএ। সূত্রের খবর, ইতিমধ্যেই স্পিকার পদের দাবি জানিয়েছে জোটসঙ্গী টিডিপি এবং জেডিইউ। স্বরাষ্ট্র, প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দিকেও চোখ শরিকদের।যদিও সূত্রের খবর, এনডিএ বৈঠকে নরেন্দ্র মোদীর হাতে লেটার অব সাপোর্ট তুলে দিতে চলেছেন নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডু।অন্যদিকে, ইতিমধ্যেই নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস। সরকার গঠনে পদক্ষেপ নাকি বিরোধী আসনে বসবে, তা ঠিক হবে ইন্ডিয়া জোটের বৈঠকে। জানা গিয়েছে, সংখ্যাগরিষ্ঠ আসন থাকা সত্ত্বেও শরিক-সহযোগীদের গুরুত্ব দিয়েই পথ চলা শুরু করতে চাইছে কংগ্রেস।ইন্ডিয়া জোটে অত্যন্ত সক্রিয় প্রবীণ নেতা শরদ পওয়ার।মঙ্গলবারই ফল প্রকাশের পর তিনি ফোনে কথা বলেছেন মল্লিকার্জুন খাড়্গে, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি, এমকে স্ট্যালিন-সহ একাধিক নেতার সঙ্গে।









