
সার্জিও বুস্কেটস নামটা শুনলেই ফুটবল ফ্যানদের সামনে ভেসে ওঠে নিরলস ছুটে চলা বুদ্ধিদীপ্ত এক ফুটবলারের চেহারা। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে নিজের দলের আক্রমণ গড়ে তোলা, ডিফেন্স ভাঙা পাসে খেলার গতি বদলে দেওয়া,সব মিলিয়ে আধুনিক ফুটবলের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে উঠেছিলেন তিনি।
দলের প্রাণ হয়ে ওঠা সেই ফুটবলারের পথচলাই শেষ হচ্ছে এবার। মেজর লিগ সকারের চলতি সিজন শেষেই পেশাদার ফুটবলকে বিদায় জানাচ্ছেন স্প্যানিশ কিংবদন্তি।বার্সেলোনার হয়ে প্রায় দু’ দশকের উজ্জ্বল ক্যারিয়ার, স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয়,সব মিলিয়ে ফুটবলের ইতিহাসে নিজের নাম অমর করে গেছেন বুস্কেটস।৩৭ বছর বয়সী মিডফিল্ডার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছেন অবসরের। বলেছেন,তাঁর মনে হয়েছে, এখনই সময় বিদায় বলার। স্বপ্নের মতো এই যাত্রা উপভোগ করেছেন প্রায় ২০ বছর। উল্লেখ্য সার্জিও বুস্কেটস,সাতশর বেশি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে।
ক্লাবের সোনালি যুগের অন্যতম স্তম্ভ হয়ে জিতেছেন ৯টি লা লিগা, ৭টি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ, ৩টি করে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ। একইসঙ্গে স্পেনের সোনালি প্রজন্মেরও অপরিহার্য অংশ ছিলেন তিনি।জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪৩ ম্যাচ। জিতেছেন টানা তিন বড় ট্রফি,২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো।









