
ম্যাচের শুরুতে এগিয়ে গিয়ে পরে পিছিয়ে পড়ার ধাক্কা। এরপরই শেষ ১০ মিনিটের নাটকীয়তায় দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আতলেতিকো মাদ্রিদের রোমাঞ্চকর জয়।
দারুণ এক হ্যাটট্রিকে যে জয়ের নায়ক হুলিয়ান আলভারেস। এমন পারফরম্যান্সের পর, কোচ দিয়েগো সিমেওনের চোখে এখন তার দলের সেরা খেলোয়াড় এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। লা লিগায় রায়ো ভাইয়েকানোর বিপক্ষে রাতে ৩-২ ব্যবধানে জয়ের পথে দলের তিনটি গোলই করেন আলভারেস।ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় সিমেওনে ভূয়সী প্রশংসা করেন আলভারেসের।
এই ম্যাচের আগে সিজনে মাত্র এক গোল করেছিলেন আলভারেস। আগের ম্যাচে মায়োর্কার মাঠে ১-১ ড্রয়ের পথে তাকে তুলে নেওয়ায় প্রকাশ্যে অসেন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। খবর আসে, সেসময় তিনি নাকি বলেছিলেন, সবসময় আমি-ই কেন।হ্যাটট্রিক করার পর নিজের অবস্থান পরিষ্কার করলেন আলভারেস। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অনেক বিষয় সত্যি নয় বলেও পরিষ্কার করলেন।









