
উত্তরপ্রদেশের লখনউয়ে আতসবাজি কারখানায় বিস্ফোরণে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত সাতজনের। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। জানা গিয়েছে, রবিবার আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ওই কারখানার মালিক, তাঁর স্ত্রী ও দুই সন্তানের।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬ টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ চলছে। কীভাবে আগুন লাগল তা এখনও অজানা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে জোরালো একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। তার পর আর্তনাদ চিৎকার। তাঁরা দেখেন বাজি কারখানার ছাদ উড়ে গিয়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশ। সঙ্গে সঙ্গে স্থানীয়েরাই উদ্ধারকাজে হাত লাগান। কারখানার একাংশ ভেঙে পড়ায় তার নীচে কয়েক জন চাপা পড়ে গিয়েছেন বলে দাবি স্থানীয়দের।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন এবং উদ্ধারকারীরা। পুলিশ সূত্রে খবর, চার জনের দেহ উদ্ধার হয়েছে। আরও কয়েক জন কলসে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কী ভাবে বিস্ফোরণ তা এখনও জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, আশপাশের বেশ কয়েকটি বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে।









