
ঢাকায় জমি দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজউক প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ঘোষণা করা হয়েছে এই সাজা।
শুধু হাসিনা নয় এই মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছর ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসিনা, রেহানা ও টিউলিপ ছাড়া এই মামলায় অভিযুক্ত প্লট দুর্নীতির বাকি ১৪ জনকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। গত ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন দুদক মামলাটি করেছিল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
উল্লেখ্য, গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হয়। গণহত্যার পাশাপাশি দুর্নীতিরও একাধিক মামলায় আসামী করা হয় তাঁকে। অভিযোগ, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে জালিয়াতির মাধ্যমে বোন শেখ রেহানাকে প্লট বরাদ্দ দেন শেখ হাসিনা।









