
বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সখ্য বৃদ্ধি পাওয়ায় ভারতের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে। এমনটাই মনে করছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।
তাঁর দাবি, আওয়ামী লিগের সরকার ভারতের পূর্ব সীমান্তকে সব ধরনের সন্ত্রাসবাদীদের থেকে সুরক্ষিত রেখেছিল। তার আগে ভারতে বিভিন্ন বিদ্রোহের জন্য বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হত। সেই পরিস্থিতি আবার ফিরে আসবে বলে আশঙ্কা করছেন হাসিনা-পুত্র। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার পুত্র বর্তমানে থাকেন আমেরিকায়। সম্প্রতি এক সংবাদমাধ্যম-কে ইমেলে একটি সাক্ষাৎকার দেন তিনি। বৃহস্পতিবার সেটি প্রকাশিত হয়েছে।
তাতে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপড়েনের কথাও উঠে আসে। মহম্মদ ইউনূস সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা প্রসঙ্গে তিনি বলেছেন, এটি ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ হওয়া উচিত।









