
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন যে তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন এবং অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তার চিকিৎসা সম্পন্ন হয়েছে। নিজের বার্ষিক মেডিকেল চেকআপের রিপোর্ট প্রকাশ করার সময় ৭৬ বছর বয়সী নেতা নেতানিয়াহু নিজেই এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন।
এর মাধ্যমে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এই নেতার শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল।সরকারি সূত্রমতে, ২০২৪ সালের ডিসেম্বরে নেতানিয়াহুর প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করা হয়েছিল, যা সেই সময় জনসমক্ষে প্রকাশ করা হয়। তবে সাম্প্রতিক চেকআপের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ওই অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যানসার কোষ শনাক্ত করেছিলেন। এই টিউমারটি অত্যন্ত প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় এবং শরীরে অন্য কোথাও ছড়িয়ে না পড়ায় তা সফলভাবে অপসারণ করা সম্ভব হয়েছে।ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নেতানিয়াহুর শরীরে বর্তমানে ক্যানসারের কোনো অস্তিত্ব নেই এবং তার সব পরীক্ষার ফল ইতিবাচক এসেছে।
সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে নেতানিয়াহু স্বয়ং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ। প্রোস্টেটের এই সমস্যাটি ছিল সামান্য এবং তা পুরোপুরি নিরাময় হয়েছে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন।









