
এয়ার অ্যাম্বুলেন্স কোন ইস্যু নয়, চিকিৎসকদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বিএনপির চেয়ারপারসন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা।জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি আরও বলেছেন,বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা।চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত। খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি না, তা মেডিক্যাল বোর্ড রাতে সিদ্ধান্ত দেবে। এদিকে প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানিয়েছেন, এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে।উল্লেখ্য বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসার পর ৬ মে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।এদিকে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ ফেরার বিষয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দিবেন।তিনি আরও বলেছেন, ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।









