
প্যালেস্টাইনি প্রতিরোধ আন্দোলন হামাস প্যালেস্টাইনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রাষ্ট্রসংঘে দেওয়া ভাষণের তীব্র নিন্দা করেছে। আব্বাস তার ভাষণে প্রতিরোধ গোষ্ঠীগুলিকে নিরস্ত্র করার আহ্বান জানিয়েছিলেন।
যা ইসরায়েলের দাবির প্রতিধ্বনি বলে হামাস মন্তব্য করেছে। প্রতিরোধ গোষ্ঠীটি এই মন্তব্যকে গভীরভাবে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছে। এক বিবৃতিতে হামাসের কর্তা ইজ্জত আল-রিশক বলেছেন, নিউইয়র্কে প্যালেস্টাইন বিষয়ক রাষ্ট্রসংঘ সম্মেলনে পিএ প্রধানের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। আল-রিশক উল্লেখ করেছেন, ইসরায়েল যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা ও পশ্চিম তীরে হামলা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আব্বাস সশস্ত্র প্রতিরোধের নিন্দা করে কার্যত ইসরায়েলের দাবিগুলিকেই সমর্থন করেছেন। এই হামাস কর্তা আরও জোর দিয়ে বলেছেন, প্যালেস্টাইনি জনগণ যখন ইসরায়েলি আগ্রাসন সহ্য করছে, তখন এই ধরনের বিবৃতি খুবই হতাশাজনক।
আল-রিশক গাজার যুদ্ধ-বিধ্বস্ত ভূখণ্ড শাসন করার ক্ষেত্রে হামাসের যেকোনো ভবিষ্যৎ ভূমিকা খারিজ করে দেওয়ার আব্বাসের সিদ্ধান্তকেও প্রত্যাখ্যান করেছেন। তিনি একে,বাহ্যিক চাপ ও নির্দেশনার কাছে নতিস্বীকার এবং জাতীয় সংলাপের চুক্তিগুলির লঙ্ঘন বলে অভিহিত করেছেন।









