
বছর শেষে হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু পশ্চিমবঙ্গ। কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে তাপমাত্রার পারদ নামছে। সঙ্গে রয়েছে উত্তুরে হাওয়ার দাপট।
যে সমস্ত জায়গায় তাপমাত্রা খুব নীচে নামেনি, সেখানেও কনকনে ঠান্ডা হাওয়া ঝোড়ো ব্যাটিং করছে। রাজ্য জুড়ে রয়েছে কুয়াশার মোড়ক। দক্ষিণবঙ্গের শীতে গত কয়েক দিনে নতুন এক শহর শীর্ষে পৌঁছে গিয়েছে। কলকাতায় রবিবারের চেয়ে তাপমাত্রা কমেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। সোমবার বাঁকুড়ায় ৯.৩ ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা। এটাই দক্ষিণবঙ্গে সর্বনিম্ন। দার্জিলিঙে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৫.৪, গোটা রাজ্যে এটাই সবচেয়ে কম। এ ছাড়া, আলিপুরদুয়ারে ৯ ডিগ্রিতে নেমেছিল পারদ।
কলকাতায় সোমবার আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গের সর্বত্রই আপাতত শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।







