
সন্ত্রাস সম্পর্কিত মামলায় নিউটাউনে এনআইএ অফিসে হাজিরা দিয়েছেন ট্রাভেল এজেন্সির মাসুদ আলম। সেইমতো সোমবার সকাল সাড়ে ১১ টা নাগাদ হাজিরা দিয়েছেন তিনি, সূত্রের খবর সেখানেই তাঁকে টানা জেরা করেছেন গোয়েন্দারা।
জানা গিয়েছে, কলকাতার তিনটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করা এক সিআরপিএফ জওয়ানকে সম্প্রতি গ্রেফতার করেছিলেন গোয়েন্দারা। ধৃত সিআরপিএফ জওয়ান মোতিলাল জাটের সঙ্গে যোগ থাকার জেরেই কলকাতার তিন জায়গায় তল্লাশি চালানো হয়। কলকাতার আলিপুরের একটি দোকান, মোমিনপুরের একটি ট্রাভেল এজেন্সি এবং তপসিয়ায় একটি হোটেলে হানা দিয়েছিল এআইএ। এই ঘটনায় ২ জনকে তলবও করেছে এনআইএ। মোমিনপুরের যে ট্রাভেল এজেন্সিতে এনআইএ হানা দিয়েছিল, সেখানে টাকা ট্রান্সফার হয়ে থাকতে পারে। গোয়েন্দারা সন্দেহ করছেন, ২০২৪ সালের ৩ এপ্রিল সেই এজেন্সি থেকে তিনটি লেনদেন হয়েছিল যা সন্ত্রাসের সঙ্গে যুক্ত।
এই আবহে এজেন্সির মালিক মাসুদ আলমকে জেরার জন্য তলব করেছিল এনআইএ।এদিকে, পাক চর সন্দেহে শনিবার তপসিয়া থেকে এনআইএ একজনকে আটক করেছে। জানা গিয়েছে, ধৃত মহম্মদ ওয়াকিল পেশায় হোটেলের এক নিরাপত্তারক্ষী। নিউটাউনে এনআইএ-র অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।







