
বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেই চলেছে মণিপুরে। তার প্রতিবাদে এবং স্থায়ী শান্তি পরিস্থিতির দাবিতে মণিপুরের রাজধানী ইম্ফলে পথে নামেন হাজার হাজার মানুষ।
মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং-র বাসভবনের উদ্দেশে মিছিল শুরু করেন বিক্ষোভকারীরা। সেই মিছিল ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ মিছিলে বাধা দিতেই বিক্ষোভকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। যদিও পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদলকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেন। মেইতেই জনগোষ্ঠীর সংগঠন কো-অর্ডিনেটিং কমিটি অফ মণিপুর ইন্টিগ্রিটি-এর তরফে শনিবার এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। ইম্ফলের চার প্রান্ত থেকে মোট চারটি মিছিল শুরু হয় এই সংগঠনের ব্যানারে। তবে মুখ্যমন্ত্রীর বাসভবনের থেকে কিছুটা দূরেই পুলিশ আটকে দেয় মিছিলগুলিকে।
মণিপুরের মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার জন্য চারটি প্রধান সড়ক রয়েছে। প্রতিটি রাস্তাতেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছিল। বসানো হয়েছিল ব্যারিকেড।









