
ম্যাচ জুড়ে আক্রমণের ঝড় বইয়ে দিল বার্সেলোনা। জোড়া গোলের আনন্দে মাতলেন রাফিনিয়া। ওসাসুনাকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করল হান্সি ফ্লিকের দল। কাম্প নউয়ে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে চ্যাম্পিয়নরা।
দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর লিগে টানা সাত ম্যাচ জিতল বার্সেলোনা। বার্সেলোনা শুরু থেকে বল দখলে আধিপত্য করলেও, ২০ মিনিটে দারুণ এক সুযোগ পেয়ে যায় ওসাসুনা। আন্তে বুদিমিরের শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া।তিন মিনিট পর এগিয়ে যেতে পারত বার্সেলোনা। মার্কাস র্যাশফোর্ডের ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে বল জালে পাঠান ফেররান তরেস। কিন্তু লম্বা সময় ধরে ভিএআর পর্যালোচনার পর ধরা হয় অফসাইড।তরেস যদিও অফসাইডে ছিলেন না। ওই আক্রমণের শুরুতে ডান দিকে ছোট করে নেওয়া কর্নারে রাফিনিয়া পাস দেন লামিনে ইয়ামালকে। সতীর্থের ফিরতি পাস পাওয়ার সময় অফসাইডে ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।৭০ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা।মাঝমাঠ থেকে পেদ্রি বল ধরে এগিয়ে গিয়ে পাস দেন রাফিনিয়াকে। বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরাল শটে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে জালে পাঠান ২৮ বছর বয়সী তারকা রাফিনিয়া।
নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন রাফিনিয়া। ইয়ামালের পাস বক্সে পেয়ে ক্রস বাড়ান ডিফেন্ডার জুল কুন্দে। ওসাসুনার এক খেলোয়াড়ের পায়ে লেগে যাওয়া বল দূরের পোস্টে ভলিতে ফাঁকা জালে পাঠান বার্সেলোনা অধিনায়ক।









