
বেশ কিছুদিন ধরে চলছে গুঞ্জন, রিয়াল মাদ্রিদের ডাগআউট ছাড়তে হবে কার্লো আনচেলত্তিকে, সেখানে দাঁড়াবেন শাবি আলোন্সো। শেষ ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে হারে সে গুঞ্জন পেয়েছে বাড়তি মাত্রা। স্পেনের গণমাধ্যমগুলো নানা সুত্রে জানিয়েছে, রিয়ালে আনচেলত্তির উত্তরসুরি হতে যাচ্ছেন আলোন্সোই।
এ মাসের শেষের দিকে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের আগে ঘোষণাটি আসতে পারে বলে খবর।বলা হচ্ছে,চলতি সিজন শেষে বায়ার লেভারকুজেন থেকে তিন বছরের চুক্তিতে রিয়ালের দায়িত্ব নিতে যাচ্ছেন আলোন্সো। এরই মধ্যে সিজন শেষে জার্মান ক্লাবটি ছাড়ার ঘোষণা করেছেন স্প্যানিয়ার্ড শাবি আলোন্সো।সান্তিয়াগো বের্নাবেউ থেকে আনচেলত্তির সম্ভাব্য বিদায় ও আলোন্সোর আগমণ নিয়ে কথা হচ্ছে বেশ কিছুদিন ধরে। এদিকে ২০২৬ বিশ্বকাপের জন্য আনচেলত্তিকে চাইছে ব্রাজিল।
দরিভাল জুনিয়রের বিদায়ে ব্রাজিলের কোচের পদটি ফাঁকা রয়েছে বর্তমানে।রিয়ালের সাথে অবশ্য আনচেলত্তির চুক্তির মেয়াদ বাকি আরও এক বছর। তবে সুত্রগুলো জানিয়েছে, রিয়ালের বাজে সিজন কাটানো, ব্রাজিলের কোচ হওয়ার প্রতি আনচেলত্তির আগ্রহের কারণে সমঝোতার পথ হচ্ছে প্রশস্ত।








