
ঢাকা জুড়ে স্কুল পাঠ্যক্রমে এ বার আরবিকে অন্তর্ভুক্ত করছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত এই বিষয়টি পড়তে হবে।
উচ্চমাধ্যমিক পর্যায়েও পাঠ্যপুস্তকে কিছু পরিবর্তন করা হচ্ছে। সেই পরিবর্তনের অঙ্গ হিসাবে বাংলা পাঠ্যবই থেকে ৪ জন লেখকের লেখা সম্পূর্ণ বাদ দেওয়া হচ্ছে। তার মধ্যে এক জন শেখ মুজিবুর রহমান। ভাষা আন্দোলন নিয়ে তাঁর রচনা বায়ান্নর দিনগুলো আগামী বছর আর পাঠ্যবইয়ে থাকছে না বলে জানানো হয়েছে। একই সঙ্গে সোমবার রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন-এর দরবার কক্ষ থেকে খুলে নেওয়া হয়েছে শেখ মুজিবের ছবি। নতুন উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে।
এটা আমাদের কাছে লজ্জার যে ৫ অগস্টের পরে বঙ্গভবন থেকে তাঁর ছবি আমরা সরাতে পারিনি। তার জন্য ক্ষমাপ্রার্থী।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া









