
সকালের দিকে শীতের শিরশিরে ভাব থাকলেও গরমের মধ্যে রং খেলতে হবে রাজ্যবাসীকে। এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
এর জেরে দোলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘরে থাকতে পারে। কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৩ ডিগ্রিতে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। কলকাতা সহ জেলাগুলোয় শুষ্ক আবহাওয়াই থাকবে।
যদিও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুষ্ক আবহাওয়ার মধ্যে দু-এক জায়গায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।







