
ফের এক দফা শুল্কযুদ্ধ এড়িয়ে গিয়েছে আমেরিকা এবং চিন। চিনকে আরও ৯০ দিনের জন্য শুল্ক-ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরে অনুরূপ পদক্ষেপ করেছে চিনও। আমেরিকার উপর ৯০ দিনের জন্য শুল্কছাড়ের সিদ্ধান্ত নিয়েছে তারাও।
এর আগে ১২ মে দু’দেশ ৯০ দিনের জন্য শুল্ক সংঘাত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। দু’দেশই একে অন্যের উপর ১১৫ শতাংশ শুল্ক কমিয়ে আনে। বর্তমানে চিনা বাজারে মার্কিন পণ্যের উপর ১০ শতাংশ এবং আমেরিকার বাজারে চিনা পণ্যের উপর ৩০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে।
তবে শুল্কে দ্বিপাক্ষিক সংঘর্ষবিরতি’র ওই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে মঙ্গলবার। তার আগেই দু’দেশ আলোচনার জন্য ফের ৯০ দিনের জন্য সংঘাত এড়ানোর সিদ্ধান্ত নিল। গত এপ্রিল মাসে ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি ঘোষণার পর থেকেই আমেরিকা এবং চিনের মধ্যে বাণিজ্যিক সংঘাত শুরু হয়। দু’দেশই একে অন্যের উপর শুল্ক চাপাতে শুরু করে।









