
মৃত দিদির জমানো মাত্র ২০ হাজার টাকা তুলতে গিয়ে ব্যাঙ্কের দোরগোড়ায় বারবার হেনস্থার শিকার হতে হয়েছে ভাইকে। শেষ পর্যন্ত ক্ষোভ ও অভিমানে কবর খুঁড়ে দিদির কঙ্কাল তুলে ব্যাঙ্কের ভেতরে ঢুকে পড়েছেন ভাই। ওড়িশার কেউনঝরের পাটনা ব্লকের মালিপোসি এলাকায়।
ওড়িশা গ্রাম্য ব্যাঙ্ক-এর শাখায় এই দৃশ্য দেখে শিউরে উঠেছেন উপস্থিত সকলেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেওনঝরের দিয়ানালি গ্রামের বাসিন্দা জিতু মুণ্ডা নিরক্ষর জনজাতি সম্প্রদায়ের মানুষ। তাঁর বড় দিদি কালরা মুণ্ডা দু’মাস আগে অসুস্থ হয়ে মারা যান। কালরাদেবী গরু বিক্রি করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ হাজার টাকা জমিয়েছিলেন। দিদির মৃত্যুর পর সেই অভাবের সংসারে ওই টাকাটুকু জিতুর কাছে ছিল খড়কুটো আঁকড়ে ধরার মতো। কিন্তু সেই টাকা উদ্ধার করতে গিয়েই শুরু হয় বিভীষিকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পাটনা থানার আইসি কিরণ প্রসাদ সাহু। তিনি এসে জিতুকে শান্ত করেন।









