
ইরান যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ এবং সম্ভাব্য বিকল্পগুলো নিয়ে পর্যালোচনার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফর বড় ধরনের প্রভাবক হিসেবে কাজ করছে। আগামী ১৪ মে বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ধারণা করা হচ্ছে, ওই বৈঠকের প্রধান এজেন্ডা হবে,ইরান ইস্যু। এদিকে, বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের আসন্ন চীন সফর ইরান যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যখন দোটানায়, ঠিক তখনই সামনে এলো তার গুরুত্বপূর্ণ চীন সফর।
ইরান ইস্যুতে, প্রেসিডেন্ট ট্রাম্প তার চীন সফরটিকে অন্যতম একটি প্রভাবক হিসেবে বিবেচনা করছেন। অর্থাৎ ইরানে সামরিক বা কূটনৈতিক বিকল্পগুলো খতিয়ে দেখার ক্ষেত্রে বেইজিং সফরকে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। ওদিকে যুদ্ধ শুরুর দিকে আমেরিকার পক্ষ থেকে সফরের তারিখ পিছিয়ে দেওয়ার পর এখন ১৪ ও ১৫ মে চীন সফরের সময়সূচি নির্ধারিত হয়েছে। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, এই সফরটি একটি অগ্রাধিকারমূলক বিষয় যা হোয়াইট হাউস আর স্থগিত করতে চায় না।









