
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রায় ২৮৭ প্রার্থীকে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন নরওয়েজিয়ান নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন। আর এ তালিকাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকতে পারেন বলে শোনা যাচ্ছে।
হার্পভিকেন জানিয়েছেন, চলতি বছরের মনোনয়নের তালিকায় ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংস্থা রয়েছে। গত বছরের তুলনায় এবার অনেক বেশি নতুন প্রার্থী রয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে নরওয়ের নোবেল কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করছেন হার্পভিকেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বছর বছর তালিকায় নতুনত্ব আসছে। বিশ্বজুড়ে সংঘাতের সংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা চাপের মুখে থাকলেও শান্তিতে এই নোবেল পুরস্কার এখনও অর্থবহ বলেই মনে করেন তিনি।
হার্পভিকেন বলেছেন, আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে শান্তি পুরস্কার আরও বেশি গুরুত্বপূর্ণ। আগের চেয়ে এখন বেশি ভাল কাজ হচ্ছে। এদিকে,কম্বোডিয়া, ইসরায়েল এবং পাকিস্তানের নেতারা জানিয়েছেন, তারা চলতি বছরের পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে মনোনীত করেছেন। তাদের মনোনয়ন দেওয়া হয়ে থাকলে তা ২০২৫ সালের বসন্ত ও গ্রীষ্মকালেই দিয়ে দেওয়ার কথা। আর যেহেতু মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ জানুয়ারি, তাই তাদের এ মনোনয়ন অনুমোদন পেয়ে থাকবে।উল্লেখ্য,কাউকে মনোনীত করার মানেই যে পুরস্কার প্রদানকারী সংস্থার অনুমোদন পাওয়া তা নয়।







