
ইউক্রেনের রাজধানী কিয়েভ একাধিক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে। একই সঙ্গে কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, রাজধানীটি ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে রয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে এক বার্তায় বলেছেন,রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে। আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে।সবাই আশ্রয়কেন্দ্রে থাকুন।এর আগে,ইউক্রেনের বিমানবাহিনীও শনিবার ভোরে দেশজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করে।সোশ্যাল মিডিয়ায় তারা জানায়, কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের আকাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গতিবিধি লক্ষ করা গেছে। কিয়েভে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।কিছু বিস্ফোরণের সঙ্গে উজ্জ্বল আলো দেখা যায়। প্রায় তিন ঘণ্টা পর কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন জানায়, একটি ড্রোন কাছে আসায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এই ঘটনার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার আমেরিকার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। সেখানে ২০২২ সাল থেকে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে রাশিয়া অভিযোগ করেছে, জেলেনস্কি ও তার ইউরোপীয় ইউনিয়নভুক্ত মিত্ররা আমেরিকার মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে ভণ্ডুল করার চেষ্টা করছেন।আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মিসাইল ও ড্রোন হামলার পর মধ্যে দিয়ে বুঝা যাচ্ছে, মস্কো যুদ্ধ বন্ধ করতে চায় না। শনিবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেছেন।









