
মধ্যপ্রদেশের মোরেনায় শীতে বাড়ির বাইরে বসে আগুন পোহাচ্ছিলেন পাঁচ জন। আচমকা বেপরোয়া গতিতে ছুটে এসে তাঁদের পিষে দিয়েছে মত্ত বিজেপি নেতার গাড়ি!
আর তাতেই মৃত্যু হয়েছে এক শিশু-সহ দু’জনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। তাঁরা আপাতত চিকিৎসাধীন। মোরেনার পোরসা-জোতাই রোডের উপর বাইপাস মোড়ের কাছে ঘটনাটি ঘটে। অভিযুক্ত নেতার নাম দীপেন্দ্র ভাদোরিয়া। অভিযোগ, ঘাতক গাড়িটির চালক ছিলেন তিনিই। দুর্ঘটনার সময় দীপেন্দ্র মত্ত অবস্থায় ছিলেন বলেও প্রত্যক্ষদর্শীদের দাবি।
দ্রুতগতিতে ছুটে এসে বাড়ির বাইরে বসে থাকা পাঁচ জনকে সজোরে ধাক্কা মারে তাঁর গাড়ি। সংঘর্ষের অভিঘাতে কয়েক ফুট দূরে ছিটকে পড়েন সকলে। দ্রুত তাঁদের উদ্ধার করে গ্বালিয়র হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই অভিযুক্তকে ধরে ফেলেন ক্ষুব্ধ স্থানীয়েরা। তাঁকে মারধরও করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অভিযুক্তকেও আটক করা হয়।









