
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি ২৫টি প্রথম সারির কোম্পানির ৪৫ জন পদস্থ কর্তার সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। ডব্লিউএমজি গ্রুপের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে দেশ-বিদেশের সিইও, সিএফও এবং পরিচালকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে উত্তরপ্রদেশে শিল্পায়নের ভবিষ্যৎ এবং নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।রাজ্যের স্থিতিশীল পরিবেশ ও উন্নত আইন-শৃঙ্খলার ওপর আস্থা রেখে বিনিয়োগকারীরা প্রায় ৬৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন। এই বিনিয়োগগুলি মূলত উৎপাদন, সবুজ শক্তি, বায়ো-রিফাইনারি, ওষুধ শিল্প এবং খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে হতে চলেছে। এর ফলে রাজ্যে বিপুল কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে।মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে উত্তরপ্রদেশের চিত্র পুরোপুরি বদলে গিয়েছে। আগে যে রাজ্য পিছিয়ে পড়া হিসেবে পরিচিত ছিল, আজ তা উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, বিনিয়োগকারীদের প্রতিটি ইনভেস্টমেন্ট উত্তরপ্রদেশে নিরাপদ।
২০১৭ সালের আগে রাজ্যে যে দাঙ্গা ও মাফিয়া রাজ ছিল, কঠোর প্রশাসনিক পদক্ষেপে তা এখন অতীত। গত সাড়ে আট বছরে রাজ্যে কোনও দাঙ্গা বা কার্ফু হয়নি।







